কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণ গেল যুবকের
গাজীপুরের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাকিল বাগমার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি সোমবার বিকেলে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে ঘটে।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক।
নিহত শাকিল কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া গ্রামের জুলহাস বাগমারের ছেলে। তিনি স্থানীয় শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি ২য় বর্ষে শিক্ষার্থী ছিলেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ওয়ার হাউজ ইন্সপেক্টর এস.এম ছানাউল্লাহ জানান, গাড়ি খাদে পড়ে সেখানে একজন আটকা পড়েছে এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যাই।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মীর মোহাম্মদ মহিউদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।
আব্দুর রহমান আরমান/এএম/আইআই