ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৬ বছর পর যশোর ঈদগাহে ঈদের জামাত

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ১২:১২ পিএম, ৩১ আগস্ট ২০১৭

ছয় বছর পর এবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ময়দানে বৃষ্টির পানি জমে কাদায় একাকার হওয়ায় গত ছয় বছর ধরে মুসল্লিরা এখানে ঈদের নামাজ পড়তে পারেনি।

ঈদগাহের পাশের রাস্তায় হয়েছে ঈদের নামাজ। কিন্তু এবার সেই পরিস্থিতি থেকে পরিত্রাণে পৌরসভার পক্ষ থেকে আগেই উদ্যোগ নেয়া হয়েছে।

ইতোমধ্যে পুরো ঈদগাহ মাঠ ত্রিপল ও সামিয়ানা দিয়ে ঢেকে দেয়া হয়েছে। ফলে ঈদগাহে এবার আর নেই কাদা-পানি। আর ঈদের দিন বৃষ্টি হলেও নামাজ আদায়ে সমস্যা হবে না।

আগামী শনিবার (২ সেপ্টেম্বর) সুসজ্জিত ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে ১০ হাজার মুসল্লি নির্বিঘ্নে নামাজ আদায়ের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

যশোর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন জানান, ২০১২ সাল থেকে এ পর্যন্ত মোট ১২টি ঈদের জামাত ঈদগাহের পাশের রাস্তায় হয়েছে। বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় ঈদগাহের মাঠে নামাজ পড়ার উপযোগী থাকে না। এ জন্য বাধ্য হয়ে রাস্তায় নামাজ আদায় করতে হয়েছে।

সর্বশেষ গত ঈদুল ফিতরের নামাজও রাস্তায় হয়েছে। এবার ঈদুল আযহা উপলক্ষে যশোর পৌরসভার উদ্যোগে পুরো ঈদগাহ মাঠ ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এতে বৃষ্টি হলেও মাঠে কোনো সমস্যা হবে না। মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবে। পৌর মেয়র এই উদ্যোগটি নিয়েছেন বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, বর্ষার কারণে ছয় বছর ধরে ঈদগাহ মাঠে নামাজ আদায় করা যেত না। এবারের ঈদে যাতে নির্বিঘ্নে ঈদগাহ মাঠে নামাজ আদায় করা যায় সেই জন্য পুরো মাঠ ত্রিপল ও সামিয়ানা দিয়ে ঢেকে দেয়া হয়েছে। একই সঙ্গে ব্যাপক সাজ-সজ্জার উদ্যোগ নেয়া হয়েছে। পুরো মাঠ থাকবে সিসি ক্যামেরা। এছাড়া লাইটিং, ফ্যান ও মাইকের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, এর আগে কখনও এমন জাঁকজমকপূর্ণভাবে ঈদগাহ সাজানোর ব্যবস্থা করা হয়নি। এবার আমরা স্বস্তিতে নামাজ আদায়ের ব্যবস্থা করেছি। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে, গত সোমবার ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন জেলা প্রশাসন, পৌরসভা ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, পুলিশ সুপার আনিসুর রহমান, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ।

মিলন রহমান/এএম/পিআর