ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কনস্টেবলকে কুপিয়ে হত্যা, ইউপি চেয়ারম্যানকে আসামি করে মামলা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের কনস্টেবল রুবেল হত্যার ঘটনায় কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে প্রধান আসামি করে ৩২ জনের নামে মামলা করা হয়েছে।

রোববার দুপুরে নিহতের বড় ভাই কামাল হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা করেন। এ মামলায় অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, চেয়ারম্যান স্বপনের উপস্থিতিতে এবং তার হুকুমে তার লোকজন গুলি করে ও কুপিয়ে কনস্টেবল রুবেলকে হত্যা করে।

এ সময় বাধা দিতে গেলে নিহত রুবেলের বড় দুই ভাই, চাচিসহ ১৮ জনকে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে আহত করা হয়। আহতদের মধ্যে এখনও বেশির ভাগ লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

মামলার বাদী কামাল হোসেন জানান, তার বাবা রূপ মিয়া মেম্বার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

আওয়ামী লীগের ত্যাগী নেতা হওয়ায় তাকে বার বার নির্যাতিত হতে হয়েছে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে একাধিকবার তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে। তার বাবা রূপ মিয়ার হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা।

এরপরও তার বাবাকে হত্যার চেষ্টা করে আসছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর বিকেলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

এ সময় তার বাবা রূপ মিয়াকে না পেয়ে তার ছোট ভাই পুলিশ কনস্টেবল রুবেলকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে। এ হামলার কিছুক্ষণ আগে রুবেল তার কর্মস্থল থেকে ছুটি নিয়ে ঈদ করতে বাড়ি আসেন।

তখন সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তাকেসহ তার আরেক ভাই খোকন, চাচি হাসিমুন বেগমসহ আশপাশের ১৮ জনকে কুপিয়ে আহত করা হয়। একই সঙ্গে টেঁটাবিদ্ধ করে মারাত্মক জখম করে। চেয়ারম্যান স্বপনের এমন বর্বরতা দেখে এলাকাবাসী গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এখনও আতঙ্কে রয়েছে অনেকে।

এ ব্যাপারে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক জানান, যাদের আসামি করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শাহাদাত হোসেন/এএম/এমএস

আরও পড়ুন