দুর্গাপূজায় ফতুল্লায় ৩ স্তরের নিরাপত্তা
আসন্ন দুর্গাপূজায় নারায়ণগঞ্জের ফতুল্লার মণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন স্তরের নিরাপত্তা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার ফতুল্লা মডেল থানায় পূজা উদযাপন পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ফতুল্লায় কোনো প্রতিমা বিসর্জন ঘাট নেই। এজন্য স্থানীয় এমপি শামীম ওসমানের কাছে ফতুল্লা লঞ্চঘাটের পাশে গরুর হাটের সামনে বুড়িগঙ্গার তীরে স্থানীয়ভাবে প্রতিমা বিসর্জন ঘাট করে দেয়ার দাবি জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় মণ্ডবগুলোতে পুরোহিত ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ কঠিন নিরাপত্তা বলয় তৈরিতে তিন স্তরে সার্বক্ষণিক পুলিশ প্রহরার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ কুমার মন্ডল, সহ-সভাপতি রনজিৎ মোদক, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, যুগ্ম সম্পাদক অরুন সাহা, পাগলা নাথ মন্দিরের সভাপতি শিবু দাস, সাংবাদিক নূরু মিয়া, ডাক্তার অনিল, শিবু মহন্ত, সদেশ সাহা, বিরেন মন্ডল, রবি, বিশ্বনাথ মন্ডল, রতন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শাহাদাত হোসাইন/আরএআর/আইআই