ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই : কাদের

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন বিএনপি নেই। এ দলটি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজ মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। দেশের উন্নয়ন এবং অর্জনের বিষয়ে জনগণকে অবহিত করতে হবে।

পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত প্রমুখ।

সভাপতির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জাতির বৃহৎ স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীত ভুলে গিয়ে জনগণের কাছে যেতে হবে এবং সরকারের উন্নয়নের চিত্র তাদের কাছে তুলে ধরতে হবে।

রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে।

কামাল উদ্দিন/আরএআর/আইআই