যশোরে ইঞ্জিনচালিত রিকশা বন্ধে অভিযান অব্যাহত থাকবে
ফাইল ছবি
যশোরে দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে ইঞ্জিনচালিত রিকশা চলাচল বন্ধে চলমান অভিযান এবং আইন-শৃংখলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা-দোকানপাট উচ্ছেদের বিষয়ে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে চিহ্নিত মাদক ব্যবসায়ী গডফাদারদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
রোববার জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় মাদক সম্রাট তারেক, তালেব, শহিদুল মেম্বারসহ মাদক ব্যবসায়ী গডফাদারদের ধরিয়ে দিতে ২৫ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।
জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা আইন-শৃংখলা বিষয়ক কমিটির সদস্যবৃন্দ।
সভায় পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, সন্ত্রাসী ও মাদক সম্রাটদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ ও জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে চোরাচালান রোধ করা ও জননিরাপত্তার স্বার্থে অস্ত্র উদ্ধার করে জেলার আইন আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময় পুলিশ বিভাগ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে কাজ করছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইনশৃঙ্খলা বিনষ্টকারী ও খুনিরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, যশোরে আইন-শৃংখলা নিয়ন্ত্রণে অস্ত্রবাজ ও অস্ত্রবহণকারীদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সরাসরি নির্দেশে ইঞ্জিনচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে মন্ত্রী ওবায়দুল কাদের মনিটরিং করছেন। তাই মন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে এ ইঞ্জিনচালিত রিকশা চলাচলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মিলন রহমান/এমএএস/আরআই