নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নারায়ণগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে জেলা যুবদলের সভাপতিসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে শহরের দেওভোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা জুম্মন সরকার, ইসমাইল খান, মনির হোসেন, জহির আহমেদ, মাসুম, জাকির, হাজী লিটনসহ ১৫ জন আহত হন।
জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করার সময় পুলিশ বিনা উসকানিতে লাঠিপেটা করেছে। পুলিশ যতই বাধা দিক, হামলা করুক তবুও জেলা যুবদলের নেতাকর্মীরা মাঠ ছেড়ে যাবে না।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি দেয়া হলেও তারা তা না করে সাধারণ জনগণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে। মিছিল থেকে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়লার স্তূপে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন এনসিপি প্রার্থী
- ২ রাঙ্গামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে গেলো ভোটের সরঞ্জাম
- ৩ আমরা সংস্কার চাই, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই: ফখরুল
- ৪ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন
- ৫ বিএনপি-আ’লীগ দুই দলই জাতীয় পার্টিকে দুর্বল করেছে