ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধর্ষণ করলেন ছোট ভাই গ্রেফতার বড় ভাই

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ১০:০৭ এএম, ১৭ অক্টোবর ২০১৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১২ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ২২ দিন পর ধর্ষকের বড় ভাই চাঁন মিয়া ফকিরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবন্ধী কিশোরীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় মঙ্গলবার দুপুরে ধর্ষকের বড় ভাই চাঁন মিয়াকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে তাকে উপজেলার জামালপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চাঁন মিয়া ওই গ্রামের হরমুজ আলী ফকিরের ছেলে এবং ধর্ষণকারী মো. হাশেম ফকিরের (৩০) বড় ভাই।

নির্যাতিত কিশোরীর বাবা জানান, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে তার প্রতিবন্ধী মেয়ে বাড়ির পাশের হলুদখেতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। ওখানে ধর্ষক মো. হাশেম ফকির তার মেয়েকে ধর্ষণ করেন।

এ সময় প্রতিবেশী এক ব্যক্তি লাঠি নিয়ে তাড়া করলে ধর্ষক পালিয়ে যান। পরের দিন কিশোরীর বাবা কালীগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। কিন্তু মামলার ২২ দিন অতিবাহিত হলেও ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ধর্ষকের বড় ভাইকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাল উদ্দিন বলেন, ভিকটিমের বাবার দায়ের করা মামলায় চাঁন মিয়া ফকিরকে ধর্ষণে সহযোগিতা করার অপরাধে গ্রেফতার করে মঙ্গলবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

আব্দুর রহমান আরমান/এএম/আইআই