ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘রোহিঙ্গাদের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ,

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৮ অক্টোবর ২০১৭

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানির ব্যবস্থাপনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, এখানের ক্যাম্পগুলোতে ৩৫ হাজার ল্যাট্রিন প্রয়োজন। ইতোমধ্যে ১০ হাজারের বেশি নির্মাণ করা হয়েছে। সরকার এবং দেশি-বিদেশি এনজিওগুলো বাকি ল্যাট্রিন নির্মাণে কাজ করছে। সেই সঙ্গে পুরো ক্যাম্প বিদ্যুাতায়নের আওতায় আনা হয়েছে।

বুধবার বিকেলে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ব্লক পরিদর্শনে এসে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী। এ সময় ৪টি ব্লক পরিদর্শন করেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি ব্লকে হাসপাতাল করার চিন্তা করছে সরকার। এ পর্যন্ত ৬৫৩ জন গর্ভবতী মহিলা নিরাপদে সন্তান প্রসব এবং ৯ হাজারের বেশি গর্ভবতী স্বাস্থ্যসেবা পেয়েছে।

ত্রাণমন্ত্রী নলকূপ স্থাপনের কাজ নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বলেন, রোগের প্রাদুর্ভাব রোধ করতে যেখানে সেখানে ল্যাট্রিন স্থাপন বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসব ক্যাম্পে ব্লক পরিদর্শনের পূর্বে ত্রাণমন্ত্রী ত্রাণ সহায়তায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প উখিয়া কলেজে বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণ সংরক্ষণাগার ও কলেজের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি বলেন, রোহিঙ্গা সমস্যাটি একটি চলমান প্রক্রিয়া। তাই বলে কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত করা যাবে না। পড়া-লেখা অব্যাহত রাখতে প্রয়োজনে কলেজে অবস্থান নেয়া সেনা ও বিজিবি সদস্যদের অন্য জায়গা স্থানান্তরের বিষয়ে চিন্তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

এ সময় ত্রাণমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, উখিয়া কলেজ অধ্যক্ষ ফজলুল করিম, বিশ্ব খাদ্য কর্মসূচির ম্যানেজার লামহা ভাইসা, অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুলসহ সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা।

সায়ীদ আলমগীর/এএম/এমএস