না.গঞ্জে নিহত ত্বকীর বাবা রাব্বির ১ বছরের কারাদণ্ড
চেক জালিয়াতির মামলায় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুন-উর রশিদ এ রায় দেন। রফিউর রাব্বি নিহত মেধাবী স্কুলছাত্র ত্বকীর বাবা।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পিপি আব্দুর রহিম জাগো নিউজকে জানান, ২০১০ সালের জুলাই মাসে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকার জালাল উদ্দিন নামে এক ব্যবসায়ী রফিউর রাব্বির নামে ৭৫ লাখ টাকার চেক জালিয়াতির সিআর মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত এ রায় দেন।
২০১৩ সালের ৬ মার্চ সন্ধ্যায় নিখোঁজ হয় ত্বকী। একদিন পর ৮ মার্চ শুক্রবার ত্বকীর মরদেহ পাওয়া যায়। ত্বকী হত্যার জন্য শামীম ওসমান ও তার পরিবারকে দায়ী করে বক্তব্য দেন নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত আইভি এবং নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। তবে নারায়ণগঞ্জ সদর থানায় ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা রাব্বি বাদী হয়ে মামলা করলেও আসামি হিসেবে কারও নাম দেননি। এর পর থেকে রাব্বির সঙ্গে বিরোধ সৃষ্টি হয় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের।
মো. শাহাদাৎ হোসেন/এমজেড/আরআই