ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১০:১৪ এএম, ২৪ অক্টোবর ২০১৭

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি সড়কের শাহজাহানপুর এলাকায় গরু বোঝাই টমটম ও অটোরিকশার সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আরও তিন স্কুলছাত্র আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে শিক্ষার্থীরা।

নিহতরা হলো- উপজেলার ডোয়াইবাড়ী (নার্সারী মাঠ) গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সিয়াম (১২) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে শিহাব (১২)। তারা দুইজনই ডোয়াইবাড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ডোয়াইবাড়ী মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষার কেন্দ্র ছিল ডোয়াইবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। পরীক্ষা শেষে সিয়াম, শিহাবসহ পাঁচজন স্কুলছাত্র অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল।

শাহজাহানপুর এলাকায় তাদের বহনকারী অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাপাসিয়ার আমরাইদগামী গরু বোঝাই টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ছাত্র নিহত হয়। আহত তিনজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গরু বোঝাই টমটমের চালক ও সহযোগীরা পালিয়ে গেছে। গরু বোঝাই টমটমটি পুলিশের হেফাজতে রয়েছে।

আরএআর/আইআই