মেয়ের মরদেহ শ্বশুরবাড়িতে ফেলে পালাল বাবা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকায় শ্বশুরবাড়িতে মেয়ের মরদেহ ফেলে পালিয়েছেন আলমগীর নামে এক ব্যক্তি। এ ঘটনার পর মরদেহ উদ্ধার নিয়ে বিভ্রান্তিতে পড়ে বন্দর থানা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুরু হয় মরদেহ নিয়ে টানাটানি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বুধবার সকালে বন্দরের কামতাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই মেয়ের নাম আঁখি আক্তার (১৩)। সকালে সে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকার একটি ভাড়া বাড়িতে আত্মহত্যা করে।
মেয়েটির মামা মাসুম মিয়া জানান, সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিণ সানারপাড় এলাকার আনু মিয়ার বাড়িতে ভগ্নিপতি আলমগীর ওরফে আলম ভাগ্নি আঁখি আক্তার ও ভাগ্নে মামুনকে নিয়ে ভাড়া থাকেন। ওই ভাড়া বাড়িতে থেকে ভাগ্নে ও ভাগ্নি দুইজনই মাদরাসায় পড়ে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভগ্নিপতি আলম টেক্সি ক্যাবে করে ভাগ্নি আঁখির মরদেহ বাড়িতে নিয়ে আসেন এবং মেয়ে স্ট্রোক করে মারা গেছে বলে মরদেহ রেখে চলে যান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে আঁখি আত্মহত্যা করে মারা গেছে বলে ধারণা করে।
পুলিশ মামুনকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে জানায়, বুধবার সকালে সে নাস্তা আনতে বাইরে যায়। নাস্তা এনে ঘরে গিয়ে দেখে বোন আঁখি আক্তার ঘরের সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলে রয়েছে। এরপর তার বাবাকে ফোন করে। বাবা বাড়িতে এসে মরদেহ নামিয়ে নানাবাড়িতে নিয়ে যায়।
নিহত আঁখির বাবা আলমগীর ওরফে আলম মুঠোফোনে সাংবাদিকদের জানান, সকালে মাদরাসায় না যাওয়ার জন্য মেয়ে বায়না ধরে। এ সময় মাদরাসা যাওয়ার জন্য তাকে চড়-থাপ্পড় ও গালাগাল করে কাজে বের হন। পরে ছেলে মামুন ফোন করে জানায় আঁখি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। কোনো উপায় খুঁজে না পেয়ে মরদেহ শ্বশুরবাড়িতে নিয়ে আসি। মরদেহ রেখে দাফন-কাফনের জন্য টাকা ম্যানেজ করতে চলে আসতে হয়েছে।
কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেফতার
- ২ এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো
- ৩ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ৪ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু