ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ হেফাজতে থাকা ২ আসামির পলায়ন

প্রকাশিত: ১০:০১ এএম, ২৫ জুন ২০১৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের হেফাজত থেকে দুই আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত পুলিশের চোঁখ ফাকি দিয়ে তারা পালিয়ে যায়।

পলাতক আসামিরা হলেন, মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের ইসরাফিল শেখের ছেলে রফিকুল শেখ (২৩) ও একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সেকাম শেখের ছেলে ফয়জুল শেখ (৪২)।

কোটালীপাড়ার ভাঙ্গারহাট নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সুমন আইচ জানিয়েছেন, সম্প্রতি কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুরির ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার ফরিদপুরের ভাঙ্গা পুলিশ ফয়জুল হক ও রফিকুল শেখকে আটক করে। ওই দিন রাত ৮টার দিকে তাদেরকে থানায় নিয়ে আসার পথে কোটালীপাড়ার কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে একদল লোক ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এসময় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পলাশ ও কনস্টেবল সুশীলসহ ওই দুই আসামি আহত হয়।

আহত ওই দুই আসামিকে মঙ্গলবার চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে কর্তব্যরত কনস্টেবল তানভীর আহম্মেদকে চেতনানাশক জাতীয় কিছু খাইয়ে হাতের হাতকড়া খুলে তারা হাসপাতাল থেকে পালিয়ে যায়। কনেস্টেবল তানভীরকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম এমরান হোসেন বলেন, আসামি পালানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কোন গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুনরায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএম হুমায়ূন কবীর/এসএস/আরআই