ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফার্মেসিতে অস্ত্রোপচার : শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৬:১৭ এএম, ২৯ অক্টোবর ২০১৭

গাজীপুরের শ্রীপুরের একটি ফার্মেসিতে অস্ত্রোপচার করায় রফিক নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়।

শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের অটোরিকশা চালক আল আমীনের একমাত্র ছেলে রফিক।

আল আমীন জানান, সপ্তাহখানেক আগে তার ছেলের পিঠের ডান দিকে ফুলে ওঠে। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ছেলেকে নিয়ে চকপাড়া মেডিকেল মোড়ের আলম ফার্মেসিতে যান। ফার্মেসি মালিক আলম মিয়া ফুলে যাওয়া অংশ টিউমার হিসেবে চিহ্নিত করেন এবং অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে তিনি অপারেশন করতে পারবেন বলে দাবি করেন। অপারেশনের জন্য আলম চার হাজার টাকা ফি চান। টাকা পরে পরিশোধের কথা বলে ১১টার দিকে আলম শিশুটির অপারেশন করেন।

তিনি আরও জানান, অপারেশনের এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে দ্রুত শিশুটিকে পার্শ্ববর্তী মাওনা চৌরাস্তা আল- হেরা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন আলম। হাসপাতাল থেকে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে আবার ঢাকা শিশু হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পথে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিশুটি মারা যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, এ ঘটনায় শিশুটির বাবা ওই ফার্মেসির মালিক আলমকে আসামি করে থানায় মামলা করেন। অভিযুক্ত ফার্মেসি মালিক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ নিয়ে যান। জানাজা শেষে শ্রীপুরে শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/আইআই

আরও পড়ুন