ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অভিযান চালিয়েও রাব্বিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৭ জুন ২০১৫

চেক জালিয়াতির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিকে গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজালাল মিয়ার নেতৃত্বে পুলিশের বেশকয়েকটি দল শহরের কালিরবাজার পুরাতন কোট এলাকায় রফিউর রাব্বির বাসায় এ অভিযান চালায়। তবে পুলিশ যাওয়ার আগেই রাব্বি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক, নিহত স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা। এছাড়া তিনি নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক, নাগরিক কমিটির সহ-সভাপতিসহ নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে পরিচিত।

বুধবার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বিকে একটি চেক জালিয়াতি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাজালাল মিয়া জাগো নিউজকে বলেন, চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত রফিউর রাব্বি। তিনি বর্তমানে পলাতক রযেছেন। তাকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়েছে। তাকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআই