ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এমপি নাবিলের নির্দেশে ছাত্রনেতা হত্যা, অভিযোগ ছাত্রলীগের

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০২ নভেম্বর ২০১৭

যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের নির্দেশে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথ সন্ত্রাসীদের দিয়ে একের পর এক দলের নিবেদিত নেতাদের খুন করছেন।

সর্বশেষ যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমনকে হত্যা করেছেন। আওয়ামী লীগের ছাত্র সংগঠন খোদ ছাত্রলীগই এমন অভিযোগ করেছে। বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ গুরুতর এই অভিযোগ করেন।

গত ২৮ অক্টোবর রাতে যশোর শহরের বেজপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা ইমন খুন হওয়ার পর থেকেই ছাত্রলীগ এমন অভিযোগ করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে খুনের জন্য পুনরায় নাবিল-মোহিতকে দায়ী করা হলো।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান। এ সময় ছাত্রলীগ সভাপতি রওশন আলী শাহী, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্লাহ, সদর শাখার আহ্বায়ক রবিউল ইসলাম, শহর শাখার আহ্বায়ক মেহেদী হাসান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালের পর থেকে এমপি নাবিল আহমেদের নির্দেশনায় মোহিত নাথ দলের নিবেদিত নেতাকর্মীদের হত্যা করে আসছেন। এর আগে যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মঞ্জুর রশিদ, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান, এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঝাউদিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী শহিদুল ও এজাজ আহমেদকে হত্যা করা হয়েছে।

এসব হত্যাকাণ্ডের সঙ্গে মোহিত নাথ ও তার পালিত সন্ত্রাসী বাহিনীর সদস্য ম্যানসেল, রাকিব, ডিম রিপন, পেচো, শিশির, শুভ, নয়ন, পিচ্চি ইয়াসিন, মোমিন, রবিউলসহ অন্যান্য সন্ত্রাসীরা জড়িত।

ছাত্রলীগ নেতারা বলেন, এমপি নাবিল আহমেদ যখন যশোরে থাকেন তার বাড়িতে সন্ত্রাসীদের আনাগোনা বাড়ে। তার নেতৃত্বে মিছিল বের হলে সেখানে সামনের সারিতে থাকে সন্ত্রাসীরা। শীর্ষ সন্ত্রাসীদের তার সঙ্গে সভাস্থলে বা মঞ্চেও দেখা যায়। নিজের শক্তি প্রদর্শনের জন্য এমপি সন্ত্রাসীদের লালন পালন করছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোহিত নাথের সঙ্গে ছাত্রলীগ নেতা ইমনের সম্প্রতি ঝামেলা হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর এ হত্যাকাণ্ডের পুরো পরিকল্পনা হয় মোহিত নাথের বাসায়। তাই খুনিদের দ্রুত গ্রেফতারে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে মনোয়ার হোসেন ইমন হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৪ নভেম্বর জেলা ছাত্রলীগ, ৫ নভেম্বর সব উপজেলা শাখা ও ৬ নভেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করা।

গত ২৮ অক্টোবর রাত ১১টার দিকে যশোর শহরের বেজপাড়া গোলগুল্লার মোড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে খুন হন মনোয়ার হোসেন ইমন।

এ ঘটনার পর যশোর আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ এমপি কাজী নাবিল আহমেদ পক্ষ ও দলের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার পক্ষ হত্যাকাণ্ডের বিচার দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে।

এদিকে, বিকেলে ইমন হত্যাকাণ্ড নিয়ে আরেকটি সংবাদ সম্মেলন করে যশোর সদর ও শহর যুবলীগ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সদর যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস ও শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু।

তারা দাবি করেন, ইমন হত্যাকাণ্ড নিয়ে এমপি নাবিল আহমেদ ও আওয়ামী লীগ নেতা মোহিত কুমার নাথকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। এদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের একটি পক্ষ এই এই মিথ্যাচার করছে।

মিলন রহমান/এএম/আইআই