ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৬ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ধলেশ্বরী নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় কয়লা বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এসময় নিখোঁজের ঘটনা না ঘটলেও অন্তত ৫ জন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার জানান, ঢাকার সদর ঘাট থেকে ছেড়ে আসা শরিয়তপুরের সুরেশ্বরগামী হাজী সামছুদ্দিনের মালিকানাধীন যাত্রীবাহী লঞ্চ এমভি নাগরিক নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জগামী সেলিমের মালিকানাধীন এমডি ফারজানা জান্নাত নামের কয়লাবহনকারী বাল্কহেডের উপর তুলে দিলে বাল্কহেডটি ডুবে যায়। দুর্ঘটনায় কয়েকজন আহত হলেও কেউ নিখোঁজ হয়নি।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তাহের খান জানান, যাত্রীবাহি লঞ্চ ও বাল্কহেডের সঙ্গে ধলেশ্বরী ও মেঘনা নদীর অংশে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় কয়েকজন শ্রমিক সামান্য আহত হলেও কেউ নিখোঁজ হয়নি।

বাল্কহেডটি নদীতে অর্ধেক নিমজ্জিত হয়ে আছে। সংঘর্ষের পরপরই যাত্রীবাহী লঞ্চটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে। বাল্কহেডটি উদ্ধারে একাধিক ডক এয়ার্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

শাহাদাত হোসেন/এমএএস/আইআই