ছেলেকে স্কুলে দিয়ে আসা হলো না বাবার
কুমিল্লায় তিশা পরিবহনের একটি বাসের চাপায় বাবা ও তার স্কুল পড়ুয়া শিশুপুত্র নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার আলমপুর হদগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে আলমপুর হকগড়া গ্রামের নাসির উদ্দিন (৩৮) তার কেজি শ্রেণিতে পড়ুয়া শিশুপুত্র নাজমুল হাসান নিহনকে (৭) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি মডেল স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাড়ি সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।
এ সময় তিশা পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে স্কুলছাত্র নিহন নিহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে নাসির উদ্দিনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আশঙ্কাকাজনক অবস্থায় দুপুর ১২টার দিকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। মৃত নাসির উদ্দিন একজন সমাজসেবী এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হোটেল উজারাদার।
হাইওয়ে পুলিশের ময়নামতি থানা পুলিশের ওসি মাহবুবুর রহমান বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/পিআর