ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেলিম ওসমানের হস্তক্ষেপে বকেয়া বেতন পেল পোশাক শ্রমিকরা

প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৯ জুন ২০১৫

নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ`র সভাপতি সেলিম ওসমানের হস্তক্ষেপে এবার দু`মাসের বকেয়া বেতন পেল মোল্লা নিট ফ্যাশনের শ্রমিকরা। সোমবার বিকেলে কারখানাটির শতাধিক শ্রমিকের বকেয়া পরিশোধ করেছে মালিকপক্ষ।

এদিকে, শ্রমিকদের বকেয়া আদায়ে সহায়তা করায় সেলিম ওসমানকে এবং রোববার গভীর রাতে শ্রমিকদের বাড়ি পৌঁছাতে সহযোগিতা করায় ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কাউসার আহম্মেদ পলাশ। নারায়ণগঞ্জের ৭৪টি শ্রমিক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে তিনি তাদের ধন্যবাদ জানানো হয়।

জানা যায়, বিসিক শিল্প নগরীর ১নং গলিতে অবস্থিত মোল্লা নিট ফ্যাশনের শতাধিক শ্রমিকের কারো দু`মাসের আবার কারো তিন মাসের বেতন বকেয়া ছিল। মালিকপক্ষ বেশ কিছুদিন ধরেই বকেয়া পরিশোধ নিয়ে টালবাহানা করছিল। এ বিষয়ে শ্রমিকরা বিকেএমইএ`তেও একাধিকবার অভিযোগ করেছিল। রোববার রাতে শ্রমিকদের বকেয়া পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ ইফতারের পর শ্রমিকদের অভুক্ত অবস্থায় রাত দেড়টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখে।

ওই সময় কারখানাটির মালিকের ছেলে আবির বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে শ্রমিকদের নানা ধরনের ভয় দেখায় ও অসদাচরণ করে। পরে কাউসার আহম্মেদ পলাশ বিষয়টি সেলিম ওসমানকে অবহিত করলে তিনি তা দ্রুত পদক্ষেপ নেন। কারখানাটির মালিক দ্রুত শ্রমিকদের বকেয়া পরিশোধ না করলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।

এ সময় কাউসার আহম্মেদ পলাশ ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানকে বিষয়টি জানালে তিনি রাতের বেলায় শ্রমিকদের নিরাপদে বাড়ি পৌঁছানোর পদক্ষেপ নেন।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই