ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গৌরবময় দেশ গড়তে প্রয়োজন সুসংগঠিত যুব সমাজ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১১ নভেম্বর ২০১৭

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যুব সমাজ হচ্ছে আজ এবং আগামীর মধ্যের একটি সেতু বন্ধন। যুব সমাজ একটি জাতির অমূল্য সম্পদ, দেশের অন্যতম ভিত। একটি শক্তিশালী ভবন তৈরির জন্য যেমন একটি শক্তিশালী ভিত প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে একটি শক্তিশালী এবং গৌরবময় দেশ গড়ার জন্য প্রয়োজন হয় নির্ভীক ও সুসংগঠিত যুব সমাজের।

শনিবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এ আর উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে আমি যুবসমাজের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছি। আশির দশকে শহীদ শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু করি। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এশিয়া ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে জড়িত আছি। দীর্ঘ অভিজ্ঞতার উপলব্দি হচ্ছে- বাংলাদেশের যুবসমাজ দেশকে বিশ্বের মানচিত্রে অনেক উচ্চতায় নিয়ে যাবে।

তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষের জীবন মান উন্নত হয়েছে। ২০২১ সাল নাগাদ দেশে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুপ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুব ভূঁইয়া প্রমুখ।

কামাল উদ্দিন/আরএআর/আরআইপি