ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চৌদ্দগ্রাম খাদ্য গুদামের ১৬৩ মেট্রিক টন চাল উধাও!

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৫ জুলাই ২০১৫

কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি খাদ্য গুদামের ১৬৩ মেট্রিক টন চালের হিসাব নেই। গত অর্থ-বছরের শেষ দিন ৩০ জুন পর্যন্ত ওই গুদামে ৮৮৯ মেট্রিক টন চাল মজুদ রয়েছে বলে কাগজে-কলমে দেখানো হলেও প্রকৃত পক্ষে ওই গুদামে চালের মজুদ ছিল ১০৫২মেট্রিক টন। হিসাব বহির্ভূত ওই ১৬৩ বহির্ভূত চাল গুদামে মজুদ থাকলেও রহস্যজনক কারণে তা হিসাবে আনা হয়নি। রোববার পর্যন্ত হিসাব বহির্ভূত ওই চাল গুদামে মজুদ ছিল।

জানা যায়, ২০১৪-১৫ অর্থ-বছরের শেষ দিন ৩০ জুন চৌদ্দগ্রাম সরকারি খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান ও উপজেলা খাদ্য কর্মকর্তা আমীর হোসেন পরিদর্শন শেষে ৮৮৯ মেট্রিক টন চাল ও ২৬২ মেট্রিক টন গম মজুদ রয়েছে বলে কাগজপত্রে স্বাক্ষর করেন। কিন্তু বাস্তবে গুদামে চালের মজুদ ছিল ১০৫২ মেট্রিক টন। হিসাবের অতিরিক্ত ১৬৩ মেট্রিক টন চাল গুদামে মজুদ রেখেও রহস্যজনক কারণে কাগজপত্রে কম দেখানোর ফলে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে গুদাম পরিদর্শক এবিএস মুসা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাড়তি ১৬৩ মেট্রিক টন চাল গুদামে মজুদ রাখা হয়েছে। ৩০ জুনের মধ্যে ওই চাল দুঃস্থদের মাঝে বিতরণের বিধান থাকলেও তালিকা না পাওয়ায় তা বিতরণ না করে মজুদ রাখা হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল জানান, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কামাল উদ্দিন/এআরএ/এমআরআই