ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডিএনডির কাজে টাকার সমস্যা নেই : পানি সম্পদ মন্ত্রী

জেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭

ডিএনডির সংস্কার কাজ ৫৫৮ কোটি টাকার প্রকল্প হলেও যত টাকা প্রয়োজন প্রধানমন্ত্রী তা বরাদ্দ দেবেন বলে আশ্বস্ত করেছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, এখানে টাকার কোনো সমস্যা নেই। আমাদের প্রধানমন্ত্রী চান এ প্রকল্পটি দ্রুত হোক এবং ডিএনডিবাসী জলাবদ্ধতা থেকে দ্রুত মুক্তি পাক।

শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জে ৫৫৮ কোটি টাকা ব্যয়ে ডিএনডি এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

পানি সম্পদ মন্ত্রী বলেন, ডিএনডির প্রজেক্ট করা হয়েছিল সেচ কাজের জন্য। এখানে চাষবাদ করা হবে সে লক্ষ্যেই প্রকল্প গড়ে তোলা হয়। কালের বিবর্তনে এখানে পরিবর্তন এসেছে। এখানে অনেক স্থাপনা, গার্মেন্ট কারখানা, কল কারখানা গড়ে উঠেছে। তখন অনেকের উপলব্দি হয় নাই যে এটা এক সময়ের চাষের উপযোগী থাকবে না। এখন এখানে প্রচুর মানুষ বসবাস করে। কিন্তু বর্ষার সময়ে এলাকাটি পানির নিচে থাকে। সে কারণেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন এ সমস্যা সমাধানের। এখানে এমপি শামীম ওসমানের বিরাট অবদান।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ৫৫৮ কোটি টাকা ব্যয়ে ডিএনডি এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পটি ৫৯ বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থায় একটি স্থায়ী সমাধান আনয়ন করবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে সেনাবাহিনীর ২০ ইসিবি, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা, সংরক্ষিত নারী আসনের এমপি সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

শামীম ওসমান বলেন, ডিএনডির সংস্কার কাজ করার সময় এবং ২০ লাখ লোককে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে প্রয়োজনে প্রভাবশালী অবৈধ দখলদারদের স্থাপনাও ভেঙে দেয়া হবে।

হোসেন চিশতী সিপলু/আরএআর/এমএস