কয়েলের আগুনে নাতি অঙ্গার, দগ্ধ নানা
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে ধান পাহারা দেয়ার অস্থায়ী ঘরে আগুনে পুড়ে সায়ক (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর সঙ্গে থাকা তার নানা হজরত আলী দগ্ধ হয়েছেন।
রোববার রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার ১নং ওয়ার্ডের সুতাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়ক সুতাপাড়া গ্রামের হাবিবুর রহমান উদ্দিনের ছেলে এবং বেকাসাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
নিহতের মামা আবুল খায়ের জানান, হজরত আলীর বাড়ি পৌর এলাকার উজিলাব গ্রামে। তার মেয়ে ফজিলা বেগমের বাড়ির পাশে নিজের ধানের জমি থাকায় সেখানে গত কয়েকদিন ধরে ধান কেটে জমিতে মজুদ করছিলেন।
এ সময় রাতের বেলা ধান পাহারা দেয়ার জন্য জমিতে ধানের খড় দিয়ে তৈরি অস্থায়ী ঘরে তিনি রাত যাপন করতেন। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় তার নাতি সায়ককে নিয়ে ঘুমাতে যান।
রাতে মশার উৎপাত থেকে রক্ষার জন্য জ্বালানো কয়েল থেকে খড়ের ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ঘরেই ছড়িয়ে পড়ে। এ সময় নানা হজরত আলী দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেও সায়ক ঘুমে থাকায় বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যায়। পরে দগ্ধ হজরত আলীকে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, আগুন নেভানোর পূর্বেই সায়ক পুড়ে মারা যায়। তার নানাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাতক্ষীরায় ১৭৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা
- ২ গণভোটে আওয়ামী লীগের ‘না’ এর প্রচারণায় কিছু আসে যায় না
- ৩ স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
- ৪ লিখিত পরীক্ষা দেন অন্যজন, ভাইভায় এসে আটক আব্দুর রাজ্জাক
- ৫ গাজীপুরে এনসিপির প্রার্থীকে গাড়িচাপায় হত্যার চেষ্টার অভিযোগ