বঙ্গবন্ধু সাফারি পার্কে উপচেপড়া ভিড়
বড়দিনের ছুটিতে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পর্যটকদের উপচেপড়া ভিড় ছিল। তবে পর্যটকদের অভিযোগ সাফারি পার্কে ঢুকতে গিয়ে শিশু ও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া হয়েছে।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, সাফারি পার্কের কোর সাফারি পার্ক, পাখি অ্যাভিয়ারি, কুমির, প্রজাপতি কর্নারসহ বিভিন্ন অংশে অন্যদিনের তুলনায় পর্যটকদের ভিড় বেশি।
দর্শনার্থী আবুল হাসান বলেন, সোমবার বড়দিনের ছুটিতে স্ত্রী-সন্তানসহ সাফারি পার্কে বেড়াতে যাই। আমাদের সঙ্গে ১০ জনই ছিল স্কুলশিক্ষার্থী। যাদের বয়স ১৫ বছরের নিচে। গাড়িতে চড়ে খোলা পরিবেশে সিংহ, বাঘ, হরিণ, ভালুক, জেব্রা, জিরাফ ও আফ্রিকান ওয়াইল্ড বিস্টসহ বিভিন্ন বন্যপ্রাণি দেখতে পেয়ে আনন্দ পেয়েছি। তবে বঙ্গবন্ধু সাফারি পার্কের কোর সাফারি পার্কে ঢুকতে পূর্ণবয়স্কদের সঙ্গে শিশুদের জন্যও ১০০ টাকা করে নেয়া হয়েছে।

একই অভিযোগ করেন ঢাকার বাসিন্দা এনামুল কবীর শাহীন। তিনি জানান, পরিবারের ১১ জন নিয়ে তারা গেছেন পার্কে, যাদের মধ্যে ছয়জনই ছিল অপ্রাপ্তবয়স্ক। কোর সাফারি পার্কে ঢুকতে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে পূর্ণবয়স্কদের সমান টাকা দিতে হয়েছে। ওই অংশে পার্কের নিজস্ব গাড়িতে চড়ে খোলা বনের ভেতরে থাকা বন্যপ্রাণিগুলো দেখার সময় গাড়ির গতি বেশি থাকায় তারা ভালোভাবে উপভোগ করতে পারেননি।
ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মো. অজয় দাস জানান, তাদের ২০ জনের মধ্যে ৯ জনই ছিল শিশু। তারা অভিযোগ করেন, কোর সাফারি পার্কে সকলে ১০০ টাকা দিয়ে প্রবেশ করেছেন। পরে জানতে পারেন পার্কের ওই অংশে ঢুকতে ১৮ বছরের কম বয়সী ও শিক্ষার্থীদের ঢুকতে ৫০ টাকা প্রবেশ ফি নির্ধারিত আছে। পরে ওই অতিরিক্ত টাকা ফেরত চাইলে ফটকে থাকা পাল অ্যান্ড ব্রাদার্সের ইজারা প্রতিষ্ঠানের লোকজন তা ফেরত দেননি।

তবে কোর সাফারি পার্কের ইজারা পাওয়া প্রতিষ্ঠান পাল অ্যান্ড ব্রাদার্সের টিকিট ব্যবস্থাপক মো. হাসান মিয়া বাচ্চাদের কাছ থেকে ১০০ টাকা করে নেয়ার কথা অস্বীকার করেছেন।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, বড়দিনের বন্ধ থাকায় সোমবার সকাল থেকেই পার্কে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। দুপুর পর্যন্ত হিসাবে করে দেখা গেছে, ১০-১২ হাজারের মতো পর্যটক পার্কে এসেছেন।
তিনি বলেন, কোর সাফারি পার্কে শিশু ও শিক্ষার্থী তথা অপ্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ ফি ৫০ টাকা। তবে তাদের কাছ থেকে ১০০ টাকা করে নেয়ার বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
মো. আমিনুল ইসলাম/এএম/এসএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাতক্ষীরায় ১৭৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা
- ২ গণভোটে আওয়ামী লীগের ‘না’ এর প্রচারণায় কিছু আসে যায় না
- ৩ স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
- ৪ লিখিত পরীক্ষা দেন অন্যজন, ভাইভায় এসে আটক আব্দুর রাজ্জাক
- ৫ গাজীপুরে এনসিপির প্রার্থীকে গাড়িচাপায় হত্যার চেষ্টার অভিযোগ