ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডিসি-এসপির প্রত্যাহার চাইলেন মেয়র আইভী

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮

পুলিশের নীরব ভূমিকার সমালোচনা করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যাহার দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, শামীম ওসমান আমার ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। নির্দেশ পেয়ে তার লোকজন ইট-পাটকেল ছোড়ে আমাকে আহত করেছেন। ঘটনাস্থল চাষাঢ়ায় পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। শামীম ওসমানের প্রতি সহানুভূতিশীল ছিল পুলিশ।

মঙ্গলবার বিকেলে নগরীর সাধুপৌলের গির্জার কাছে হকারদের হামলায় আহত হওয়ার পর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মেয়র অাইভী।

তিনি বলেন, আমাকে রক্ষা করার জন্য নেতাকর্মীরা নিরাপত্তা বলয় তৈরি করে মার খাচ্ছিল এবং একে একে তারা আহত হচ্ছিল, আমি আহত হলাম। সাংবাদিক আহত হলো, অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হলো। অথচ পুলিশ নীরব ভূমিকা পালন করলো। এটা মেনে নেয়া যায় না। একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাও আবার ক্ষমতাসীন দলের মেয়র রাস্তার মার খাচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। কাদের ঈশারায় এমন নীরব ভূমিকা পালন করেছে প্রশাসন। আমি ডিসি ও এসপির প্রত্যাহার দাবি করছি।

মঙ্গলবার সন্ধ্যায় মেয়র আইভীর প্রেস বিফ্রিং শেষ হওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান প্রেস ক্লাবে গিয়ে আইভীর সঙ্গে দেখা করতে গেলে উত্তেজিত হয়ে ওঠেন উপস্থিত সবাই।

এ সময় তারা উচ্চস্বরে বলতে থাকেন, রাস্তায় নীরব দাঁড়িয়ে তামাশা দেখেছেন, এখন কেন এসেছেন? চলে যান, আপনাদের সঙ্গে কোনো কথা বলবে না ‘আপা’। তখন অতিরিক্ত পুলিশ সুপার প্রেস ক্লাবের সভাপতির রুম থেকে বেরিয়ে যান।

পুলিশের নীরব ভূমিকার ব্যাপারে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মইনুল হক বলেন, আমরা উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। জানমালের নিরাপত্তা দিতে চেষ্টা করেছি। আমাদের কোনো গাফিলতি ছিল না।

এএম/এমএস

আরও পড়ুন