ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় দুই সংগঠনের দ্বন্দ্বে শ্রমিক নেতা খুন

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৭ জানুয়ারি ২০১৮

কক্সবাজারের রামু ও উখিয়ার সিএনজি চালক সমিতির অভ্যন্তরিণ দ্বন্দ্বের জেরে এক শ্রমিক নেতা খুন হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের মরিচ্যা বাজার এলাকায় তাকে মারধর করা হয়। আহত শ্রমিক নেতাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১২টার দিকে মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে টেকনাফ সড়কে টায়ার জ্বালিয়ে এবং সিএনজি দিয়ে অবরোধ করে রেখেছে মোটরযান শ্রমিকরা।

নিহতের নাম মো. শাহ আলম ড্রাইভার (৪০)। তিনি খুনিয়ারপালং পূর্ব ধেছুয়ার বানিয়ার দোকান এলাকার ঠান্ডা মিয়ার ছেলে ও মরিচ্যা-খুনিয়াপালং ফোরস্ট্রোক সিএনজি চালক ও টমটম মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী।

ওই সংগঠনের সভাপতি মো. হাসেম জানান, তাদের সমিতির কোনো গাড়ি রামু স্টেশন কিংবা অন্য মোকামে ভাড়া নিয়ে গিয়ে সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য যাত্রী তুলতে পারে না। কিন্তু রামু সিএনজি চালক সমিতির গাড়ি মরিচ্যা-খুনিয়াপালং বা অন্য মোকামে যাত্রী নিয়ে গিয়ে নামিয়ে সেখান থেকে অন্য যাত্রী নিয়ে সব জায়গায় যায়। এসব বিষয় নিয়ে বেশ কয়েক মাস ধরে দু’সংগঠনের মাঝে স্নায়ুযুদ্ধ চলে আসছে।

এরই জের ধরে শুক্রবার রামু সিএনজি চালক সমিতির নেতারা মরিচ্যা-খুনিয়াপালং সমিতির বেশ কয়েকটা সিএনজি রামুতে আটকে রাখে। খবর পেয়ে মরিচ্যা এলাকায় আসা রামু সমিতির কয়েকটি গাড়ি আটকে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় রাত সাড়ে ৮টার দিকে মরিচ্যা বাজার এলাকায় রামুর একটি সিএনজি যাত্রী নিয়ে এলে খবর পেয়ে মরিচ্যা-খুনিয়াপালং সমিতির নেতারা তা আটকাতে যায়। তখন ওই সিএনজি চালকের পক্ষ হয়ে শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি করছিলেন এক যাত্রী। সংগঠনের নেতা হিসেবে সেখানে যান ড্রাইভার শাহ আলম। তিনি তর্ক থামাতে মাঝখানে দাঁড়ালে ওই যাত্রী কাঠ দিয়ে তাকে আঘাত করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মকসুদ আলমের নেতৃত্বে পুলিশ টিম ঘটনাস্থলে গেছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

আরও পড়ুন