ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

যশোরের বেনাপোলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক জিয়াউল হক ও শরীফ খান সন্ত্রাসী হামলার শিকার হন। হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার প্রেস ক্লাবের সামনে যশোরবাসী সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে যশোরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রেস ক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য প্রণব দাস, যশোরবাসী সমন্বয় কমিটির সভাপতি ফারুক জাহাঙ্গীর টিপু, যশোর সদর উপজেলা পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন অর রশিদ, যশোর জেলা মোবাইল বিক্রেতা সমিতির সভাপতি রাজু আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ২৪ জানুয়ারি বেনাপোলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফ খান ক্ষমতাসীন দলের একজন শীর্ষ জনপ্রতিনিধি আশীর্বাদপুষ্ট অহিদের নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন।

পরিকল্পিতভাবে তাদের দুইজনকে মারপিট ও ক্যামেরা ভাঙচুর করা হয়। হামলাকারীদের পুলিশ এখনও আটক করতে পারেনি। পুলিশের গড়িমসিতে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিকভাবে হামলার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। মানববন্ধন থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মিলন রহমান/এএম/জেআইএম

আরও পড়ুন