ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে শিশু হত্যায় বাবা-ছেলের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অপহরণের পর শিশু মাকসুদুল ইসলাম তুহিন (৭) হত্যা মামলায় বাবা-ছেলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গুমের অপরাধে প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া শিশুটিকে অপহরণের অভিযোগে ৩৬৪ (ক) ধারায় আসামিদের সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন। রায় দেয়ার সময় আসামিরারা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজার উপজেলার বগাদি কান্দাপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৫৫) তার ছেলে মাহফুজুর রহমান (২৫)।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ রহিম রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াইহাজার উপজেলার বগাদি কান্দাপাড়া গ্রামের কাজী নাসির উদ্দিনের ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র মাকসুদুল ইসলাম তুহিনকে গত ২০১৫ সালের ৯ মে সকাল সাড়ে ১০টায় বগাদি কান্দাপাড়া গ্রামের বাড়ির সামনে থেকে আম ভর্তা খাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরের দিন মোবাইলে ফোন করে তুহিনের বাবা কাজি নাসিরের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর পুলিশ মোবাইল ট্র্যাকিং করে মাহফুজকে নরসিংদী থেকে ১২ মে গ্রেফতার করে। পরে মাহফুজ তার বাবা বিল্লাল হোসেনের ঘর থেকে নীল রঙের ড্রামবন্দি তুহিনের মরদেহ উদ্ধার করে দেয়। ওইসময় পুলিশ বিল্লালকেও গ্রেফতার করে। বিল্লাল নিহত তুহিনের আপন চাচা।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

আরও পড়ুন