যশোরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইন শুরু
যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ভোটিং কার্যক্রমের মধ্যে দিয়ে ‘জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ ক্যাম্পেইন শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন প্রধান অতিথি যশোরের স্থানীয় সরকার বিভাগের বিদায়ী উপ-পরিচালক ও চাঁদপুর জেলার জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মাজেদুর রহমান খান।
‘জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ এ ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন।

বিশেষ অতিথি ছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ্ ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি কবি ফখরে আলম।
স্বাগত বক্তব্য দেন, জাগো নিউজের যশোর প্রতিনিধি মিলন রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কবি সৈয়দ আহসান কবীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাজেদুর রহমান খান বলেন, বাংলা ভাষার জন্য এ জাতি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সেই স্বীকৃতি হিসেবে সারা বিশ্বে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। তাই দাবি উত্থাপনের আগেই জাতিসংঘের উচিত ছিল বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া। এখন যেহেতু দাবি উঠেছে, তাই জাতিসংঘের কর্তাব্যক্তিদের উচিত দ্রুতই বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া।
প্রধান অতিথি প্রাণ গ্রুপের সহযোগিতায় জাগো নিউজের এ ক্যাম্পেইনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ক্যাম্পেইনের প্রসার ঘটিয়ে জাতিসংঘে বাংলা ভাষার স্বীকৃতি আদায়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের আলোচকরা বাংলা ভাষার জন্য এমন আয়োজনের প্রশংসা করেন। তারা ভাষার জন্য বাঙালির বীরত্বগাথাঁ তুলে ধরে ভাষার জন্য নতুন এ সংগ্রামকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ সবাইকে ক্যাম্পেইনে ভোট দিয়ে জাতিসংঘের দরবারে কোটি আবেদন উপস্থাপনের আহ্বান জানান।
আলোচনা শেষে প্রধান অতিথি ভোট দিয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিএফইউজে সহ-সভাপতি মনোতোষ বসু, প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ সাঈদ বুলবুল, কল্যাণ’র ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল ওয়াহাব মুকুল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি মনিরুজ্জামান মুনির, সাংবাদিক নেতা এইচআর তুহিন, সাইফুল ইসলাম সজল, সাকিরুল কবির রিটন, প্রণব দাস প্রমুখ।
আবেদন করতে ভিজিট করুন : www.jagonews24.com/makebanglaofficial
মিলন রহমান/এমএএস/আরআইপি