ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাবি ছাত্রদের অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ইউটার্ন এলাকায় ব্যারিকেড দিয়ে অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের একটি পরিবহনের হেলপারকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের শীতলক্ষ্যা পরিবহনের শ্রমিকরা প্রহার করায় বিক্ষুব্ধ ছাত্ররা মহাসড়কে এ ব্যারিকেড দেন।
বুধবার সকাল ৯টায় শিমরাইল-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের গোদনাইল এসও রোড এলাকায় সাইড দেয়াকে কেন্দ্র করে শীতলক্ষ্যা পরিবহনের বাসের হেলপারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মৈত্রী বাসের (ঢাকা মেট্রো-চ-০৮-০০৩৬) হেলপার টিপু সুলতানের হাতাহাতি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী গাড়িটি শিমরাইল মোড়ে পৌঁছালে স্থানীয় শীতলক্ষ্যা পরিবহনের কয়েকজন চালক ও হেলপার ওই গাড়ির হেলপার আলাউদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এ সময় পুলিশ শীতলক্ষ্যা পরিবহনের চালক মো. জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন শ্রমিককে প্রহারের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ইউটার্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস সড়কের ওপর রেখে অবরোধ করে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (ট্রাফিক) আব্দুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোল্ল্যা তাসলিম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার, টিআই শরিফ-উল ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ হাবিবুল্লাহ কাঁচপুরী ছাত্রদের সঙ্গে আলোচনা শেষে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেন।
হোসেন চিশতী সিপলু/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি