ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গাদের সম্মান-নিরাপদে দেশে ফেরাতে হবে

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১১ এপ্রিল ২০১৮

রাখাইনে রোহিঙ্গারা অমানবিক নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে সৌদিআরবের কিং সালমান রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান সেন্টারের জেনারেল সুপারভাইজার ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ বলেছেন, রোহিঙ্গাদের নিজভূমিতে সম্মান ও নিরাপদে ফেরাতে হবে।

তিনি বলেন, এটি সম্ভব কেবল মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগের মাধ্যমে। যতদিন রোহিঙ্গারা সম্মানজকভাবে ফিরতে পারছেন না, ততদিন তাদের মানবিক সব ধরনের সহযোগিতা দেবে সৌদি সরকার।

বুধবার দুপুরে কক্সবাজারে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। তিনি একটি প্রতিনিধি দল নিয়ে দুইদিনের সফরে বুধবার সকালে কক্সবাজার এসেছেন।

আসন্ন রমজানে রোহিঙ্গাদের রোজা পালন নির্বিঘ্ন করতে সৌদি সরকারের সহযোগিতার হাত প্রসারিত রয়েছে উল্লেখ করে সৌদি সরকারের সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গারাও মানুষ। মানুষ হিসেবে সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে তাদের। কিন্তু নিজদেশ মিয়ানমারেই তারা পাশবিকতার শিকার হয়েছেন। তাই তাদের পাশে দাঁড়িয়েছে সৌদিআরব সরকার।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সৌদি সরকার ইতোমধ্যে ২০ মিলিয়ন সৌদি রিয়াল সাহায্য দিয়েছে। সংকট দূর না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখা হবে।

বুধবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন সৌদিআরবের উচ্চপর্যায়ের ২১ সদস্যের এই প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বেলা ১১টায় কক্সবাজার পৌঁছেন।

দুপুর সাড়ে ১২টা থেকে উখিয়ার বালুখালি রোহিঙ্গা শিবিরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে রোহিঙ্গা নারী ও শিশুদের কথা বলেন এবং রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন।

সৌদি প্রতিনিধি দলটি বুধবার কক্সবাজারে অবস্থান করবেন। সেখানে সৌদি অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হচ্ছে। ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ’র নেতৃত্বে আসা সফরকারিরা সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করবেন।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

আরও পড়ুন