গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, স্বর্ণ ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি
যশোরের খাজুরার সাদিপুর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চন্দন কুমার নাগ (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার বেলা ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দন মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার বাসিন্দা ও নাগ জুয়েলার্সের মালিক। আহতরা হলেন- চন্দন কুমার নাগের মেয়ে রশ্মি নাগ (২২), জুয়েলার্সের কর্মচারী সজল সাহা (৩৬) ও প্রাইভেটকার চালক আবদুল আজিজ (৩৫)।
নিহত ও আহতের স্বজনরা জানায়, বাবা চন্দন নাগের সঙ্গে ভারতে বিয়েতে যাচ্ছিলেন রশ্মি নাগ। রোববার সকালে মানিকগঞ্জ থেকে প্রাইভেটকারে রওনা হন বেনাপোলের উদ্দেশে। সঙ্গে ছিলেন জুয়েলার্সের কর্মচারী সজল সাহা। যশোর-মাগুরা মহসড়াকের খাজুরার সাদিপুর এলাকায় পৌঁছলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চন্দন নাগ নিহত হন। গুরুতর আহত অবস্থায় রশ্মি, সজল ও চালক আজিজকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, আহত রশ্মি নাগ মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। বাকি দুজনেরও চিকিৎসা চলছে।
বাঘারপাড়া থানার পুলিশের ওসি মো. মঞ্জুরুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিলন রহমান/আরএ/এমএস