ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৬ মে ২০১৮

এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। এ বছর বোর্ডে পাসের হার ৭৬.৬৪ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৩৯৫ জন। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৮০.০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৬০ জন শিক্ষার্থী। রোববার দুপুরে প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এই চিত্র উঠে এসেছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৮৩ হাজার ৫৮৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪০ হাজার ৬৯৯ জন। পাসের হার ৭৬.৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৫ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৩.৪০ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তি বেড়েছে ২ হাজার ৯৩৫।

গত বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৫৩ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ২২ হাজার ৯৯৫ জন। পাসের হার ছিল ৮০.০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৬০ জন।

তবে রেকর্ড পাসের হার ছিল ২০১৬ সালে। ওই বছর ১ লাখ ৪৮ হাজার ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৯৯৪ জন উত্তীর্ণ হয়েছিল। পাসের হার ছিল ৯১.৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৪৪৪। কিন্তু ২০১৭ সালে গিয়ে এই হার কমে যায় ১১ শতাংশের বেশি।

সূত্র মতে, প্রতি বছরের মতো এবারও যশোর বোর্ডে অন্য বিভাগের তুলনায় তাক লাগানো ফলাফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগ থেকে ৪০ হাজার ১৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩৭ হাজার ৯১১ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৬৯ জন। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে আছে ছেলেরা। সর্বোচ্চ এ ফল অজর্নকারীদের মধ্যে ৪ হাজার ৮৩৫ জন ছাত্র ও ৩ হাজার ৯৩৪ জন ছাত্রী। এই বিভাগে পাসের হার ৯৪.৩১ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৭ হাজার ৫০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩০ হাজার ৯৩৯ জন। পাসের হার ৮২.৪৮ শতাংশ। এই বিভাগ থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩৮২ জন। এদের মধ্যে ছাত্র ১৩২ ও ছাত্রী ২৫০ জন।

এছাড়া মানবিক বিভাগ থেকে ১ লাখ ৫ হাজার ৮৭৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭১ হাজার ৮৪৯ জন। পাসের হার ৬৭.৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন। এদের মধ্যে ছাত্র ৫১ ও ছাত্রী ১৯৩ জন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, গত বছরের তুলনায় পাসের হার কিছুটা কমলেও জিপিএ-৫ প্রাপ্তি বেড়েছে। এ বছর সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। আর যশোর বোর্ডের পাসের হারও সারাদেশের হারের (৭৭.৭৭) কাছাকাছি।

মিলন রহমান/এফএ/এমএস

আরও পড়ুন