নাফ নদ থেকে রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে হোছন আহমদ (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে টেকনাফের খারাংখালীর নাফ নদের ৩ নং স্লুইচ গেইট থেকে ছুরিকাঘাত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হোছন কতুপালং অস্থায়ী শরণার্থী শিবিরের ডি-৪ ব্লকের উমর আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, ৩ দিন আগে উখিয়া উপজেলার কতুপালং অস্থায়ী শরণার্থী শিবিরের ডি-৪ ব্লকের ৫ শরণার্থী নাফ নদে মাছ শিকারে যান। নাফ নদে তুচ্ছ ঘটনার জের ধরে যুবক হোছনকে মাথার নিচে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়।
এ সময় অন্যান্যরা নিহতের চাচাতো ভাই আশরাফ জামানকেও খুন করতে চাইলে তিনি পালিয়ে শরণার্থী ক্যাম্পে ফিরে আসেন। ফিরে আসা এই যুবক নিহতের স্বজনকে এ ঘটনার বর্ণনা দেন। নিহতের স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে নাফ নদের তীরে হোছনকে পায়।
হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ এসআই বিবেকানন্দ দেব নাথ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের অভ্যান্তরীণ হামলায় শরণার্থী যুবক খুন হন এবং এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন।
টেকনাফ থানা পুলিশের ওসি রনজিৎ কুমার বড়ুয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম