ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে ৬ লাখ টাকার নকল সয়াবিন তেল ধ্বংস

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ৩০ মে ২০১৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকার নকল সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বন্দর উপজেলার জাঙ্গালস্থ জহিরুল ইসলামের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পরে বুধবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিন্টু বেপারী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে এক লাখ জরিমানা ও উদ্ধারকৃত নকল সয়াবিন তেল ধ্বংস করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মন্ডল জানান, উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল আইলপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে জহিরুল ইসলাম পবিত্র রমজান ও আসন্ন ঈদকে টার্গেট করে অনুমোদনবিহীন নকল সয়াবিন তেল ই-তির লেভেল লাগিয়ে বাজারে বিক্রি করছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান চালান।

ওই সময় কারখানার মালিক জহিরুল ইসলামকে আটক করে পরে তার তথ্য মতে পুলিশ বিপুল পরিমাণ ভেজাল তেল ও তেল তৈরি সরঞ্জাম জব্দ করে। পরে বিষয়টি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিন্টু বেপারীকে অবগত করা হয়। বুধবার দুপুরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানার মালিক জহিরুল ইসলামের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। জরিমানার টাকা নগদ প্রদান করায় তাকে ছেড়ে দেয়া হয়। আর জব্দকৃত ছয় লাখ টাকার তেল ধ্বংস করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিন্টু বেপারী জানান, জহিরুল ইসলাম তার বাড়িতে অনুমোদনবিহীন সয়াবিন তেল প্যাকেটজাত ও বাজারে বিক্রি করে আসছিল।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

আরও পড়ুন