ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় অস্ত্রসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৫ জুলাই ২০১৮

 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইসলাম হত্যা মামলার আসামি মোফাজ্জল হোসেন এবং তার সহযোগী সুমন খানকে ২০ রাউন্ড গুলি দুটি বিদেশি পিস্তল ও ১টি রিভলবারসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার ভোরে জেলার তিতাস উপজেলার গাজীপুর ভূইয়া বাড়িতে এ অভিযান চালানো হয়। দুপুরে ডিবির এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ডিবি পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে গত ২ মে রাতে দাউদকান্দি উপজেলার বাজরা গ্রামের মো. ইসলামকে (৩৫) ঘুমন্ত অবস্থায় গুলি চালিয়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনার পরদিন তার স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের এসআই মো. শাহ কামাল আকন্দ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তিতাস উপজেলার গাজীপুর ভূইয়া বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ইসলাম হত্যা মামলার আসামি মো. মোফাজ্জল হোসেনকে (৩১) ১২ রাউন্ড গুলি ও দুটি বিদেশি পিস্তল এবং তার সহযোগী সুমনকে (৩৮) ৮ রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোফাজ্জল তিতাস উপজেলার গাজীপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং সুমন খান একই জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের বাবুল খানের ছেলে।

ডিবি পুলিশের ওসি নাছির উদ্দিন মৃধা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মোফাজ্জল হোসেন ইসলাম হত্যার মিশনে সরাসরি অংশ নিয়েছিল। এ হত্যা মামলায় ইতোমধ্যে গ্রেফতারকৃতরা আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তার নাম জানায়। বৃহস্পতিবার বিকেলে তাদের বিরুদ্ধে তিতাস থানায় অস্ত্র মামলা করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর