সুন্দরবনের ডাকাতদলের সদস্য আটক, মাটি খুঁড়ে অস্ত্র-গুলি উদ্ধার
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে আটক করেছে কোস্টগার্ড। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বনের গহিনে মাটিচাপা দিয়ে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছেন। পরে বৃহস্পতিবার ভোর ৬টায় মোংলা কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালায়। এসময় সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি করে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং পাঁচ রাউন্ড ফাঁকা গুলি জব্দ করা হয়।
আটক ওসমান গণি (৩৮) সাতক্ষীরার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম