রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিশ্রুতির ফুলঝুরি
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরাচ্ছেন ভোটারদের কাছে। বড় দু’দলের এ প্রচারণায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারাও।
বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার শনিবার সকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ও ভীতি ছড়ানোর উদ্দেশ্যে ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। গত কয়েক দিনে আমাদের নেতা কর্মীদের পুলিশ ধাওয়া করেছে এবং যুবদল ও জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে।
এদিকে বেলা ১১টার দিকে নগরীর কাশীপুর বাজারের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচরণা চালান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে যে অনিয়ম হয়েছে নির্বাচন কমিশন তা স্বীকার করে নিয়েছে। বরিশাল সিটি নির্বাচনে কোনো প্রকার ভোট কারচুপি হলে এখান থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদসহ নেতাকর্মীরা।
অপরদিকে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গণসংযোগকালে তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় আছে। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা নেই। আশা করি ৩০ জুলাই ভোটাররা সুন্দর পরিবেশে ভোট প্রদান করবেন।
সাইফ আমীন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি