নিখোঁজের ২১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারে তীব্র ঢলের স্রোতে নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার ২১ দিন পর যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার ঈদগাঁওয়ের ভোমরিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ফুলেশ্বরী নদী থেকে মঙ্গলবার দুপুর ১টার দিকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
উদ্ধার মরদেহটি কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় বার্মাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে হাবিব উল্লাহর (৩২) বলে দাবি করেছেন স্বজনরা। গত ৪ জুলাই দুপুর ১টার দিকে বাড়ির পাশের নদী পার হওয়ার সময় হাবিব উল্লাহ স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। স্বজনরা অনেক খোঁজ করেও তার সন্ধান পাননি।
পুলিশ জানায়, মঙ্গলবার সদর উপজেলার ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকার নদীতে ভাসমান একটি মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজ হাবিব উল্লাহর পরিবারের লোকজনও ঘটনাস্থলে এসে তাকে শনাক্ত করে।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ ভুইয়া জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/এমএস