ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘খালেদা জিয়াকে মাইনাসের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে’

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৮ আগস্ট ২০১৮

১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে অবাধ এবং সুষ্ঠুভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ১৪ দল ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে। বিএনপি এবার অতীতের মতো ভুল করবে না। তারা নির্বাচনে অংশ নেবে। আর বিএনপি নির্বাচনে না আসলেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

মঙ্গলবার দুপুর ১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ১৪ দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, রাজকার, জঙ্গি ও সাম্প্রদায়িক চক্র এবং তাদের গডমাদার দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে মাইনাস করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। এসব চক্রকে মাইনাসের মধ্য দিয়ে ২০১৮ সালে সংবিধান অনুযায়ী দেশে গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচন অনুঠিত হবে।

এর আগে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের নেতৃবৃন্দ জাতির জনকের সমাধি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

নেতৃবৃন্দ পরে সেখানে ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের শরীফ নূরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসীত বরণ রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল খায়ের বাশার, কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর, গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি জেএম সাহবুদ্দিন আজম, সাধারণ সম্পাদক এমবি সাইফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/এমএস

আরও পড়ুন