গায়েবি ঘটনাস্থলের মামলায় আসামি হজে থাকা সফু
কুমিল্লার সদর দক্ষিণে গায়েবি ঘটনাস্থল উল্লেখ করে মামলা দায়েরের ঘটনায় ওই এলাকাসহ জেলার বিভিন্ন মহলে বেশ তোলপাড় শুরু হয়েছে। এ ধরনের মামলার ঘটনায় বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এছাড়া একই মামলায় আসামি করা হয়েছে মো. মাজাহারুল ইসলাম সফু নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে। তিনি হজ পালনে সৌদি আরবে থেকেও মামলা থেকে রেহাই পাননি বলে অভিযোগ উঠেছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এ মামলাটি দায়ের করেছে।
মামলার এজাহার ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই কোমল কুমার সাহা বাদী হয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ মামলার ৩৯নং আসামি মোঃ মাজাহারুল ইসলাম সফু (৪০)। মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) ঘটনাস্থল উল্লেখ করা হয় সদর দক্ষিণ উপজেলার ‘শাসনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কোণা’।
অনুসন্ধানে জানা গেছে, জেলার সদর দক্ষিণ উপজেলায় শাসনপাড়া নামে কোনো গ্রাম নেই, তবে এই নামে লালমাই উপজেলায় একটি গ্রাম রয়েছে এবং ওই গ্রামটিতে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই।
এছাড়া এ মামলায় মাজাহারুল ইসলাম সফুকে আসামি করা হলেও তিনি মামলায় উল্লেখিত ঘটনার ৫৮ দিন আগে হজে গেছেন এবং ফিরেছেন মামলায় উল্লেখিত ঘটনার ২৪ দিন পর।
এদিকে ওই মামলার ঘটনাস্থল এবং হজে যাওয়া মাজাহারুল ইসলাম সফুর নাম মামলায় অন্তর্ভুক্তির বিষয়টি জানাজানি হলে এ নিয়ে বিভিন্ন মহলে বেশ সমালোচনার ঝড় বইছে।
লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান শফিকুর রহমান জানান, শাসনপাড়া গ্রামে সরকারি কিংবা বেসরকারি কোনো প্রাথমিক বিদ্যালয় নেই।
গ্রেফতারকৃত ও ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, শাসনপাড়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো অস্তিত্ব না থাকলেও এই নামে বিদ্যালয়ের মাঠের কোণে গায়েবি ঘটনাস্থল দেখিয়ে মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।
মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার জানান, আমরা সদর দক্ষিণ ও লালমাই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা সংশ্লিষ্ট প্রশাসন থেকে সংগ্রহ করে আদালতে দাখিল করেছি। ওই তালিকায় শাসনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই মামলায় উল্লেখিত ওই ঘটনাস্থলকে গায়েবী ঘটনাস্থল হিসেবে আদালতকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজাহারুল ইসলাম সফু পবিত্র হজ পালনের জন্য গত ২১ জুলাই মক্কায় যান এবং দেশে ফেরেন ৯ সেপ্টেম্বর। কিন্তু তাকে এ মামলার ৩৯নং আসামি করা হয়েছে। আদালতে এ সংক্রান্ত তথ্য-প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদেরকে হয়রানির উদ্দেশ্যে গায়েবী ঘটনা, ঘটনাস্থল ও মিথ্যা অভিযোগে যেভাবে একের পর এক মামলা করে গ্রেফতার করা হচ্ছে তা নিন্দনীয়।
এ বিষয়ে মামলার বাদী এসআই কোমল কুমার সাহা বলেন, ঘটনাস্থল থেকে আসামি গ্রেফতারসহ মামলা হয়েছে এবং বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থলের নাম ভুল হয়েছে। এ মামলার কোনো আসামি হজে ছিল কি-না তা আমার জানা নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। অহেতুক কাউকে হয়রানি করার অভিযোগ সঠিক নয়।
কামাল উদ্দিন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক