আড়াআড়ি বাস ফেলে মহাসড়ক বন্ধ করে দিল শ্রমিকরা
ভ্রাম্যমাণ আদালতে বাস শ্রমিকদের জরিমানা ও সাজা দেয়ার প্রতিবাদে গোপালগঞ্জের বেদগ্রাম ও বাস টার্মিনাল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক গোপালগঞ্জ অংশের দুটি স্থানে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ সৃষ্টি করে বাস শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে বিপুল সংখ্যক যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। সীমাহীন দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৩টা পর্যন্ত মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক চলছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, রোববার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই সড়কে চলাচলকারী ১২টি বাসকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই চালককে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান নিরাপদ সড়ক করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা ও সাজা দেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান জানান, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে চলাচলকারী ১২টি বাসকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চালক রবিউল ইসলামের ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং ছাদে যাত্রী ওঠানোর দায়ে ১৫ দিনের সাজা এবং অপর চালক ফাহাদ হাওলাদার (২৫) ভুয়া ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করায় এক মাসের সাজা দেয়া হয়েছে।
গোপালগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, শ্রমিদের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ে সমস্যার সমাধান হবে।
এস এম হুমায়ূন কবীর/এএম/পিআর