কুমিল্লায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ইব্রাহিম খলিল নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের ছেলে ডিএমপিতে কর্মরত পুলিশের এসআই এরশাদসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ওই গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপুরে গোবিন্দপুর গ্রামের অহিদ মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই ইব্রাহিম খলিলের (৭০) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইব্রাহিম খলিল, তার ছেলে এসআই এরশাদসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। এদের মধ্যে মারাত্মক আহত ইব্রাহিমকে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর আহতরা হলেন- নিহতের স্ত্রী অজুবা খাতুন (৬৫), ছেলে পুলিশের এসআই এরশাদ, প্রতিবেশী গোলাম আলী, আয়েত আলী,আইয়ুব আলী, মোরর্শেদা বেগম, প্রবাসী আবু সাঈদ, আল আমিন, ইউনুছ, শরীফ, মোশারফ হোসেন, মেহেদী হাসান এবং প্রতিপক্ষের সুরুজ মিয়া, রবিউল্লাহ, অহিদ মিয়া ও রুকিয়া খাতুন। আহতদের স্থানীয় বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা জেনারেল ও কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে।
কামাল উদ্দিন/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ