ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহতের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৬ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ শিহাচর লালখা এলাকার আল নাসির ওয়াশিং ডায়িং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে শ্রমিক নিহতের ঘটনায় কারখানার দুই মালিকের নামে মামলা হয়েছে।

নিহত শ্রমিক সেলিম খানের বাবা বাবুল খান বাদী হয়ে শনিবার বিকেলে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায়।

এদিকে, বিস্ফোরণে দগ্ধ অপর শ্রমিক আবদুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। ঘটনার পর থেকে কারখানার মালিক ইসরাফিল ও জমির মালিক শাহআলম আত্মগোপন রয়েছেন।

স্থানীয়রা জানান, শাহ আলমের কাছ থেকে জমি ভাড়া নিয়ে আবাসিক এলাকায় ইসরাফিল অবৈধভাবে ডায়িং কারখানা তৈরি করেন। অবৈধ গ্যাস সংযোগ ও দেশীয় তৈরি বয়লার দিয়ে এ কারখানা চালিয়ে আসছিলেন ইসরাফিল।

শনিবার ভোর ৫টায় বিকট শব্দে কারখানার ভেতরে থাকা বয়লারটির বিস্ফোরণ ঘটে। এ সময় চিৎকারের শব্দ শুনে দৌড়ে এসে আশেপাশের লোকজন দেখেন সেলিম ও আব্দুল্লাহ নামের দুই শ্রমিককে গুরুতর অবস্থায় কারখানা থেকে নিয়ে যাচ্ছেন মালিক পক্ষের লোকজন। এরপর কারখানার গেটে তালা দিয়ে মালিক পক্ষ চলে যান। বাইরে থেকে দেখা যায় কারখানার টিনের চাল বিস্ফোরণে উড়ে যায়।

ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই আমিনুল হক বলেন, ওই কারখানার জমির মালিক ও ভাড়াটিয়া দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত শ্রমিকের বাবা। কারখানাটির গ্যাস, বিদ্যুৎ সংযোগ বৈধ কিনা তা তদন্ত চলছে। এছাড়া যে বয়লারটি বিস্ফোরণ হয়েছে তার কি ধরনের এবং বৈধতা রয়েছে কিনা যাচাই-বাছাই করা হবে। তবে প্রথমিকভাবে মালিক পক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তাদের দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শাহাদাত/এএম/জেআইএম

আরও পড়ুন