হাতুড়ি দিয়ে পিটিয়ে ছাত্রলীগ নেতাকে মেরে ফেলল তারা
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সাজ্জাদ হোসেন শাকিল (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে ফেনী থেকে কুমিল্লার আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে আসার পথে তাকে বাস থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে কুলাসার এলাকায় নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করে। দুপুরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শাকিল চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং একই ইউনিয়নের কুলাসার গ্রামের ছালেহ আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিনের দায়ের করা প্রাণনাশের আশঙ্কার একটি মামলার সাক্ষী ছিলেন ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শাকিল। ওই মামলায় সোমবার সাক্ষ্য দেয়ার জন্য ফেনী থেকে বাসযোগে কুমিল্লার আদালতে আসছিলেন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় বাসটি পৌঁছালে শাকিলকে বাস থেকে নামিয়ে মাইক্রোযোগে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে ফেনীর সীমান্তবর্তী চৌদ্দগ্রামের কুলাসার এলাকায় নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে শাকিলকে তার স্বজনরা উদ্ধার করে প্রথমে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি আসার পর তার অবস্থার অবনতি হয়। এ সময় তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ওসি আবদুল্লাহ আল-মাহফুজ বলেন, নিহতের মরদেহ এখনো এলাকায় নিয়ে আসা হয়নি। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ