বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইন উপদেষ্টা ট্রেন দুর্ঘটনায় নিহত
কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে মামুন আবদুল কাইয়ুম (৪৫) নামে এক অ্যাডভোকেট নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি ঢাকা বারের সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইন উপদেষ্টা ছিলেন।
তিনি নীলফামারী জেলা সদরের কাঞ্চণপাড়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে এবং ঢাকা মীরপুর ৬ নম্বর এলাকায় বসবাস করতেন। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে স্টেশনের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে চট্টগ্রামগামী সূবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা বিলম্বে সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ স্টেশনে সূবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি না থাকলেও ট্রেনের গতি কিছুটা কম ছিল।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মেজবাহ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ওই আইনজীবী ট্রেনের নীচে পড়ে যান। এতে তার দেহ থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ মাথায় আঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও ভিজিটিং কার্ডের সূত্র ধরে আত্মীয়দের সঙ্গে কথা বলে পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে। তবে নিহত ওই আইনজীবী কুমিল্লা স্টেশনে আসার পর অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে গেছেন, নাকি তাকে কেউ ফেলে দিয়েছে কিংবা তিনি চলন্ত ট্রেন থেকে নিজের ইচ্ছায় নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েছেন- এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।
রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে নিহতের স্বজনরা কুমিল্লার উদ্দেশ্যে আসছেন বলে জানা গেছে।
মো. কামাল উদ্দিন/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ