বি.বাড়িয়ায় প্রাইভেটকার চাপায় কলেজছাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার চাপায় তানিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত তানিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মোহাব্বত আলীর মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শান্তিনগর নামক স্থানে ঢাকাগামী একটি প্রাইভেটকার পথচারী তানিয়াকে চাপা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তানিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর