পুলিশ সদস্যকে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ৫
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে গুলির ঘটনায় জড়িত পাঁচজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে শহরের উত্তর চাষাঢ়া এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বোরহান উদ্দিন, হোসেন আলী রাজন, সৈয়দ হাবিব হায়দার বাবু, সাজ্জাদুল হোসেন ও জাহাঙ্গীর হোসেন।
ডিবি পুলিশের পরিদর্শক মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ২৩ অক্টোবর ফতুল্লার পাগলা মুন্সীখোলা চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনায় এরা জড়িত। তাদের ব্যাপারে আরও খোঁজখবর নেয়া হচ্ছে। সন্ত্রাসীদের গুলি ছোড়ার ঘটনার পেছনের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
ডিবির পরিদর্শক মাসুদুর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পরিকল্পিত। কারণ যাত্রীবাহী বাসে পুলিশ সদস্যকে গুলির পরপরই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। আমাদের ধারণা সন্ত্রাসীরা অস্ত্রধারী সংঘবদ্ধ চক্রের সদস্য।
২৩ অক্টোবর দুপুর ১২টার দিকে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে চেকপোস্টে তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে কনস্টেবল সোহেল মিয়া গুলিবিদ্ধ হন।
পরে সিসি ফুটেজে দেখা যায়, তিন সন্ত্রাসী দৌড়ে যাচ্ছে। তাদের জন্য আগে থেকে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল অদূরে। চালকের মাথায় ছিল হেলমেট। তিনজন দৌড়ে ওই মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। পেছন থেকে পুলিশের একজন কনস্টেবল গুলি ছোড়ে। শেষ পর্যন্ত তাদের ধরতে পারেনি পুলিশ।
শাহাদাত/এএম/জেআইএম