শেখ হাসিনা আমার মার্কা ঠিক করে দেবেন : সেলিম ওসমান
নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তবে তিনি কোন দল থেকে নির্বাচন করবেন তা স্পষ্ট করে বলেননি।
সেলিম ওসমান বলেন, প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশে আরও উন্নয়ন হবে এবং দেশ এগিয়ে যাবে। আমি সেলিম ওসমান এমপি হই বা না হই কিছুই আসবে না। প্রধানমন্ত্রী যাতে ফের ক্ষমতায় আসে সেই জন্য সবাইকে কাজ করতে হবে। আমি নির্বাচন করবো কি-না সেটা ঘোষণা দেবেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। তিনিই আমার মার্কা ঠিক করে দেবেন।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে ময়মনসিংহ পট্টিতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান আরও বলেন, বেশি বাড়াবাড়ি ভালো না। অনেকে লাঙ্গলের পোস্টার লাগিয়েছেন। কে লাঙ্গলের পোস্টার লাগাচ্ছেন। কে লাঙ্গলের কন্ট্রাক নিয়েছেন। খোঁচাখুঁচি করবেন না। একজনের ভাই মারা গেলে কি করে আরেক ভাই ওই চেয়ারটাতে বসতে পারে সেটা আপনারা বুঝবেন না।
তিনি বলেন, এখন মানুষের এক দফা, এক দাবি সেলিম ওসমান নির্বাচন করবে এমন ঘোষণা দিতে হবে। আমারও ইচ্ছে করে আবার সংসদ সদস্য হতে। কিন্তু ভয় লাগে ঈমান ঠিক রাখতে পারবো কি-না। তাই আপনাদের দোয়া চাই। আমি দুটি শর্ত দিব। নির্বাচনের আগে সকল স্কুলে পরীক্ষা চলবে। নির্বাচনের সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ডিস্টার্ব করা যাবে না।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহেরের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সেলিম ওসমানের সহধর্মিণী নাসরিন ওসমান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, নাসিক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুজ্জোহা, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আসম সানি প্রমুখ।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস