ডেকে নিয়ে হত্যা, তিনজনের ফাঁসির রায়
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় লিটন নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টায় অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক রাজিয়া সুলতানা এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রফিক, হাবিব ও শরীফ মিয়া। এদের মধ্যে শরীফ মিয়া পলাতক রয়েছেন।
অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান, ২০১০ সালের ১ ডিসেম্বর ওই তিন আসামি লিটনকে পূর্ব শত্রুতার জের ধরে নিতাইগঞ্জ মন্দিরের সামনের বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে খালঘাটের একটি পরিত্যক্ত বাড়ির ছাদে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই সিরাজ মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামি রফিক ও হাবিব আদালতে ঘটনা বর্ণনা করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত এ রায় দেন।
শাহাদাত হোসেন/এফএ/জেআইএম